মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রায় দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ জনের এই ট্রাইব্যুনাল থেকে রায়টি ঘোষণা করা হবে।
গত বছরের ২৬ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্কের শূনানি শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষায় (সিএভি) রাখা হয়েছিল। দীর্ঘদিন পরে চলতি মাসের ৯ তারিখ রায়ের তারিখ ঘোষণা করা হলেও সেদিন করা হয়নি।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ ডিসেম্বর রাজশাহীর বোয়ালিয়ার যুদ্ধাপরাধী মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে রায় ঘোষণা করেছিলেন ট্রাইব্যুনাল। এরপর করোনাকালে রায়ের কার্যক্রম স্থিমিত হয়ে যায় এক বছরের জন্য।
ময়মনসিংহের ওই ৯ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, জাহিদ ইমাম ও তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, এ মামলায় ১১ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ৪ মার্চ অভিযোগ গঠন করেছিলেন আদালত। এরমধ্যে গ্রেফতার ছিলেন মো. খলিলুর রহমান মীর, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. আব্দুল্লাহ, মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী, আব্দুল লতিফ।
পলাতক ছিলেন এ এফ এম ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজুল ইসলাম তোতা, আলিম উদ্দিন খান ও নুরুল আমিন শাহজাহান।
এরমধ্যে বিচার চলাকালীন মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার ও পলাতক থাকা অবস্থায় নুরুল আমিন শাজাহান মারা যান। আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
বার্তাবাজার/এসজে