মির্জা কাদেরের গাড়িবহরে ডিম ছোড়ে হামলা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত ও আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মেয়র হিসেবে শপথ নিতে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ফেনীর দাগভূঞায় এই ঘটনা ঘটে। এতে সেলিম (৫০)নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

এ বিষয়ে আব্দুল কাদের মির্জা বলেন, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে এলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে।

তিনি আরও বলেন, এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন। দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতই হামলা করুক, আমি সত্য কথা বলবো। আল্লাহর দয়ায় যদি সহিসালামতে শপথ নিতে পারি, তবে আইনি পদক্ষেপ নেব।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুজাক্কির/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর