এক ম্যাচ দেখে কোচ-অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নয়: পাপন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ দল। উইন্ডিজদের ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও ৩ উইকেটে হেরেছে টাইগাররা। এমন হারে মুমিনুল হকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

একই সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে প্রথম ম্যাচ হারের কারণে কোচ-অধিনায়ককে নিয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক না, কারণ একটা সিরিজ চলছে। আমার মনে হয় না, একটা খেলা দেখে একটা ম্যাচের পারফরম্যান্স দেখে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

তিনি আরও বলেন, একটা জিনিস মনে রাখবেন কিছুদিন আগেই কিন্তু এই ওয়েস্টইন্ডিজ দলকে আমরা ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছি। কাজেই ওরা তো একটা টেস্ট জিততেই পারে। দ্বিতীয় টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটাই হচ্ছে বড় কথা।

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। এ কারণে সাদা পোশাকের ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি নিতে পারেনি তারা। তবে এ বছর টেস্টে বাংলাদেশ ভালো করবে বলে আশা করছেন পাপন।

তিনি বলেন, আমরা বলেছিলাম যে সামনের বছরটা টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিব যাতে টেস্টে উন্নতি হয়। গেল বছরটা তো করোনায় আটকে গেল। তাছাড়া হুট করেই তো আর হবে না। এক বছর পিছিয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস- এই এক বছর টেস্টে আমরা অনেক ভালো জায়গায় যেতে পারব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর