ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। এমন লজ্জাজনক হারের পর ভারতের একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুইদল। সিরিজে ফিরতে চাইলে জয় ছাড়া বিকল্প কিছু নেই ভারতের সামনে। দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে কূলদীপ যাদবকে চান দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
শাহবাজ নাদিমের জায়গায় কূলদীপকে চান তিনি। প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে একাদশে ছিলেন নাদিম। চেন্নাইয়ে অশ্বিন-সুন্দরের সঙ্গে কূলদীপের বোলিং অনেক বেশি কার্যকরী হত বলে মত গাভাস্কারের।
তিনি আরও বলেন, হাওয়ায় অশ্বিনের বল একটু আস্তে যায়। সেখানে সুন্দর একটু হলেও দ্রুত। ব্রিসবেনে যা খেলেছে তারপর সুন্দরকে বসানো কঠিন ছিল। অন্যদিকে আমার মনে হয় নাদিম খুব চিন্তায় ছিল। সে যেভাবে একের পর এক নো-বল করেছে, তাতেই একজন বোলার কতটা চিন্তায় রয়েছে তার প্রমাণ পাওয়া যায়।
বার্তাবাজার/এস.জি