নগরকান্দা পৌর নির্বাচন: শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ফরিদপুরে জমে উঠেছে ৪র্থ ধাপের নগরকান্দা পৌরসভা নিবার্চন। শেষ মূহর্তে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও ভোটাররা। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভায় উৎসবের আমেজ ততই বাড়তে শুরু করেছে।

তৃতীয় শ্রেনির এই পৌরসভায় ৮হাজার ৬শত ৬৩জন ভোটার তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবেন ১৪ ফেব্রুয়ারি এমনটাই মনে করছেন সকলে। যেন নাওয়া-খাওয়া নেই, চোখে ঘুম নেই। কোমরবেঁধে ভোটের মাঠে প্রার্থীরা। জয়ের নেশায় ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। রাত-দিন সমানতালে চালাচ্ছেন প্রচারণা। প্রার্থীদের জমজমাট আর বিরামহীন প্রচার-প্রচারণায় সরগরম এখন সমগ্র পৌরএলাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে। এবারের নির্বাচনে শুধু মেয়র প্রার্থীরাই নয়, কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও।

মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে লড়াইয়ে নেমেছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার।

আর ধানের শীষ প্রতিক নিয়ে কোমর বেঁধে মাঠে আছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলিমুজ্জামান সেলু। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হিসাবে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাবেক যুবলীগ নেতা আরিফ আহমেদ বিপ্লব।

এছাড়া স্বতন্ত্র হিসাবে লড়ছেন লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ ও মনিরুজ্জামান তুহিন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও বিএনপির কোন বিদ্রোহী নেই। তবে দলের মধ্যে রয়েছে তীব্র গ্রুপিং। ফলে বিএনপির ভোট কোন দিকে যাবে তা বলা মুশকিল। তবে সুষ্ঠ ভোট হওয়া নিয়ে প্রার্থীদের মধ্যে রয়েছে শঙ্কা।

নগরকান্দা পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর