বিশ্বকাপের আগে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের আগে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া আসবে। এ কারণে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাদের বাংলাদেশ সফরের আগে আসবে নিউজিল্যান্ড। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা অনেকগুলো অপশন এক্সপ্লোর করছি। বিশ্বকাপের আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড- সবারই বাংলাদেশে খেলা রয়েছে। এভাবেই আমাদের প্ল্যানে আছে। এখন পর্যন্ত কোন ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। করোনার কারণে তা হয়নি। বাংলাদেশ সফরে আসলেও টেস্ট না খেলে টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

ত্রিদেশীয় সিরিজ না হলে বাংলাদেশে কেবল ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও ৩টি টি-টোয়েন্টি খেলতে পারে। এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর