ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরে এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ ফেব্রুয়ারি।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুইদল। সিরিজ ড্র করতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু নেই বাংলাদেশের জন্য। জয়ের লক্ষ্যে শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে দুটি পরিবর্তন।
ইনজুরির কারণে ইতোমধ্যে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার। ঢাকা টেস্টের একাদশে দেখা যেতে পারে তাকে। এছাড়াও একাদশে একজন পেসার হিসেবে আসতে পারেন আবু জায়েদ রাহী।
একাদশে পরিবর্তন নিয়ে মুমিনুল বলেন, উইকেট দেখে একাদশ সাজানো হবে। এই ম্যাচে অবশ্যই পেসারদের প্রাধান্য দেওয়া হবে। সাকিব ভাই, সাদমান যেহেতু নেই সেহেতু দুইজন খেলোয়াড়কে দলে নিতে হবে। সাকিব ভাই যেহেতু নেই মাঝখানেও একটা পরিবর্তন হতে পারে, ছয় নম্বরে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী।
বার্তাবাজার/এস.জি