রংপুরের বদরগঞ্জে পৌরএলাকার একটি মাদ্রাসার টয়লেট থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধার পর উপজেলার পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় খুশির মা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় বাড়ির পাশের ঐ আবাসিক মাদ্রাসায় চার বছর ধরে পড়াশোনা করছেন খুশি। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কথা কাটাকাটি করে কান্নাকাটি করতে করতে মাদ্রাসার ভেতরে টয়লেটে যায় খুশি। অনেক্ষন পরও বের না হওয়ার অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় খুশির মা আদুরী বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বার্তাবাজারকে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধার পর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিন্ত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, এ ঘটনায় বদরগঞ্জ থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছে ছাত্রীর মা।
রকি আহমেদ/বার্তাবাজার/পি