ঢাবির সাংবাদিক উপর হামলা: দোষীদের শাস্তির দাবি নোবিপ্রবি সাংবাদিক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও ঢাবি সাংবাদিক সমিতির সদস্য শরিয়ত উল্যাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নোবিপ্রবিসাসের নেতৃবৃন্দ বলেন, ‘দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। দৈনিক ইত্তেফাকের ঢাবি প্রতিনিধি শরিয়তের উপর যুবলীগ নেতার নেতৃত্বে হামলা তারই ধারাবাহিকতা। সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা এসব ঘটনা পুনরাবৃত্তির মূল কারণ।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘আমরা মনে করি সাংবাদিক নির্যাতন বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠন এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে দোষীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করবেন। দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেফতার করে বিচারকার্য পরিচালনা না করলে দেশের সকল ক্যাম্পাস সাংবাদিকরা একযোগে আন্দোলনে যেতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে ফেনীর সোনাগাজীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিয়ত উল্যাহর উপর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর