ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। অভিষিক্ত কাইল মায়ার্সের অপরাজিত ২১০ রানে ভর করে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় উইন্ডিজরা।
অভিষেক টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৪৪৮ রেটিং নিয়ে ৭০ নম্বরে উঠে এসেছেন মায়ার্স। ৮ ধাপ এগিয়ে ৫৩ নম্বর পজিশনে আছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
এছাড়াও উইন্ডিজদের মধ্যে স্পিনার জোমেল ওয়ারিকেন ১৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে রাকিম কর্ণওয়াল ৬ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে আছেন।
বাংলাদেশিদের মধ্যে লিটন দাস ৪৮১ রেটিং পয়েন্ট নিয়ে ৬৫ নম্বরে আছেন। এছাড়াও অধিনায়ক মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ৮ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। ৪ ধাপ এগিয়ে ৩০ নম্বর পজিশনে উঠে এসেছেন সাকিব আল হাসান।
৬৩৭ রেটিং নিয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৫৬৯ রেটিং নিয়ে ৩৭ নম্বরে আছেন ওপেনার তামিম ইকবাল। বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
৬১৫ রেটিং নিয়ে সাকিব আছেন ২২ নম্বরে। ৫৮০ রেটিং নিয়ে ২৭ নম্বরে তাইজুল ইসলাম, ২৮৭ রেটিং নিয়ে ৬১ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/এস.জি