কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের মরিচ্যাগুনা এলাকার ছালামত উল্লাহ ও তার ছেলে নজরুল ইসলাম (২৮) ও ৯ মাস বয়সী এক শিশু।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন ‘বার্তা বাজার’কে জানান, সকালে লম্বাবিল এলাকায় টেকনাফ অভিমুখে আসা বাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সাটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নজরুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করে। আহত ৫ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়।
এই ঘটনায় অটোরিক্সাচালক পলাতক রয়েছে। তবে বাস চালককে আটক করা হয়েছে। দূর্ঘটনায় সঠিক কারন অনুসন্ধান করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে