পদ্মা সেতুর মেয়াদ বৃদ্ধি নিয়ে অপপ্রচার চলছে এবং এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, পদ্মা সেতুর চলমান নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে তাতে আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সেতুমন্ত্রী নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, প্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়।
২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ঠিক করা আছে ২০২২ সালের জুন পর্যন্ত।
তিনি আরও বলেন, মেয়াদ বৃদ্ধির সাথে মূল সেতুর ফিজিক্যাল ওয়ার্ক সম্পর্কিত নয়। বড় ধরনের কোন প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের (ডিএলপি) ধরা হয়। যাতে পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা যায়।
যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এস.জি