ব্লগার দীপন হত্যা মামলা: ৮ জনের মৃত্যুদণ্ড

ব্লগার ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ব্লগার দীপন ছিলেন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী প্রকাশক।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক মজিবুর রহমান এ রায় দেন। তার সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা অনাদায়ে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ড পাওয়া আট আসামি হলেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব,আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ ও শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ।

রায় ঘোষণা উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে থাকা ছয় আসামিকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় আসামিদের প্রত্যকের গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট।

গত ৪ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে কারাগারে আটক ছয় আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সারোয়ার জাকির আট আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে আইনজীবীরা তাঁদের নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর