চট্টগ্রাম টেস্টের প্রথম দুইদিন খেলে ইনজুরিতে পড়ে বাকি তিনদিন মাঠের বাইরে ছিটকে যান সাকিব আল হাসান। বাকি তিনদিন সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ দল।
ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও হেরেছে টাইগাররা। সাকিবের না থাকা দলের জন্য যে বড় ক্ষতি তা চট্টগ্রাম টেস্টে টের পেয়েছে বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো।
চট্টগ্রাম টেস্টে সাকিবকে মিস করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব থাকলে চট্টগ্রাম টেস্টে অন্যরকম কিছু হতো বলে মনে করছেন তিনি।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, গত ম্যাচে সাকিব ভাই ইনজুরিতে পড়ায় আমাদের দলে অনেক বড় প্রভাব পড়েছে। সাকিব ভাই ও তার বোলিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। সাকিব ভাই থাকলে হয়তো অন্যরকম কিছু হতো।
ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাবে না বাংলাদেশ দল। ঢাকা টেস্টেও সাকিবকে মিস করবেন মিরাজ। তিনি বলেন, মিরপুরে সাকিব ভাইকে ছাড়া খেলব আমরা। তিনি থাকলে আমাদের জন্য অনেক ভালো হতো। আমরা অনেক বেশি আত্মবিশ্বাস পেতাম এবং আমাদের ভুলগুলো কম হতো।
বার্তাবাজার/এস.জি