শিশুটির বয়স হবে সর্বোচ্চ ১ বছর। তার থাকার কথা ছিল মায়ের কোলে কিংবা চার দেয়ালের মাঝের নরম বিছানায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার ঠাঁই মেলেনি মাতৃকোল বা নরম বিছানায়। পতেঙ্গার এক ডাস্টবিনেই পড়ে ছিল শিশুটি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খালপাড় রোডের চেয়ারম্যান গলির সোলেমান মিয়ার বাড়ির সামনের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) বিকেলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে নগরের বায়েজিদের রৌফাবাদের ছোট মনি নিবাসে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করেন পতেঙ্গা থানার এএসআই শফিউল আলম। শুনানি শেষে আদালত শিশুটিকে ছোট মনি নিবাসে রাখার আদেশ দেন।
বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে খালপাড় রোডের সোলেমান মিয়ার বাড়ির সামনের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে মোবাইল টিম। বর্তমানে শিশুটিকে কোর্ট হয়ে রৌফাবাদের ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে।
রবিউল হোসেন/বার্তাবাজার/হৃ.আর