কক্সবাজারে পৌনে ১৮ লাখ ইয়াবা ও ১ কোটি ৭০ লাখ টাকা জব্দ, আটক ২

কক্সবাজারে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ও ১ কোটি ৭০ লাখ টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে চক্রের দুই সদস্যকে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকা হতে মাদকের চালান ও ধৃত ফারুকের নুনিয়ার ছড়া বাড়ি থেকে টাকা জব্দ করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান।

আটককৃতরা হলেন, পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জহরুল ইসলাম ওরফে ফারুক (৩৭) ও মোজাফরের ছেলে নূরুল আমিন ওরফে বাবু (৫৫)।

এদিকে রাত ৮টা দিকে আটককৃত ফারুকের সহযোগী উত্তর নুনিয়াছাড়া এলাকার সৈয়দের বাড়ি থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার হাসানুজ্জামান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজের কাছের একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালিয়ে ১৪ লাখ পিছ ইয়াবা বড়ি জব্দ করে। এসময় মাদক চালানের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। পরে ফারুকের স্বীকারোক্তি মতে শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি টিনশেড রুম থেকে দু’টি বস্তা ভর্তি ১ কোটি ৭০ লক্ষ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, ফারুকের দেওয়া স্বীকারোক্তিমতে তার অপর সহযোগী একই এলাকার সৈয়দের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের বাকী সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক ও ধৃতদের আদালতে প্রেরন করা হবে এবং জব্দকৃত টাকা জেলা ট্রেজারীতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর