টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার মধ্য রাতে এ মামলা দু’টি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, সোমবার রাতের ঘটনায় নিহতের পিতা নছিম উদ্দন বাদি হয়ে অজ্ঞাননামা আসামী করে এ মামলা দায়ের করেন। এছাড়া আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনায় রফিকুল ইসলাম হিরা বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জন আসামী করা হয়েছে। এই ভাংচুরের ঘটনায় পুলিশ বিদ্রোহী প্রার্থীর ৮ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ সর্তক অবস্থানে আছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারনায় জেলা আওয়ামী লীগের একটি দল সোমবার সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা হয়।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনি অফিস ভাংচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাংচুর করে। গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় এ হামলার খবর পৌছার পর সেখানে উত্তেজনা দেখা দেয়। তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। পথে সোমেশপুর এলাকায় তাদের উপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করে। এ সময় খলিল খান (৩৫) নামের এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন। এছাড়াও বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান প্রতিদ্বন্দিতা করছেন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি