খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বার্তা বাজারকে জানান, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। তার বাবা ম্যাকানজি দেওয়ান বার্তা বাজারকে বলেন, ঘটনার সময় বাইরে ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বার্তাবাজার/এ.আর