সিরাজগঞ্জে বাস-ট্রাকের রোষানলে পড়ে ছেলেমেয়ে সহ শিক্ষিকা ইফরাত সুলতানা রুনীর মর্মান্তিক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী, স্বজন ও স্থানীয়রা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় প্রাথমিক শিক্ষা পরিবার সদর উপজেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলো হলো-শিক্ষক ও তাঁর দুই শিশু সন্তান হত্যার সুষ্ঠু বিচার করতে হবে, ঢাকা-এনায়েতপুর-বেলকুচিগামী বাসস্ট্যান্ড শহর থেকে মিরপুর এ স্থানান্তর করতে হবে। দিনের বেলা শহরে ট্রাক-লড়ি চলাচল বন্ধ করতে হবে। শহরের বিভিন্ন মোড় প্রশস্ত করতে হবে ও শহরের ভিতর দিয়ে আন্তঃজেলা বাস চলাচল সম্পূর্ণরুপে নিষিদ্ধ করতে হবে।
প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি উদয় কুমার পাল, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান ভুঞা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সমাজ জেলা শাখার সভাপতি অশীষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কে.এম ছানোয়ার হোসেন, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ্য।
বক্তারা এ সময় বলেন, সিরাজগঞ্জে করুণ মৃত্যুর ঘটনা দিনদিন বেড়েই যাচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষক এমনকি কোমলমতি শিশুরাও এই করুণ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছেনা। আমরা এই বেপরোয়া চালকদের শাস্তি চাই। একই পরিবারের দুই সন্তানসহ শিক্ষিকা ইফরাত সুলতানা রুনীর সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুর জন্য দায়ী বাস-ট্রাক চালকের দৃষ্টান্তমুলক শান্তির পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষক, কোমলমতি শিশুদের নির্ভয়ে বিদ্যালয়ে গমন ও চলাচলের সুষ্ঠু পরিবেশ চাই।
এম এ মালেক/বার্তাবাজার/পি