চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় সামলাতে বাড়ানো হয়েছে আরো চারটি বুথ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকাদানের বুথ বাড়ানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বার্তা বাজারকে বলেন, করোনার মহামারি হতে রক্ষা পেতে মানুষের মাঝে টিকা গ্রহনের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। টিকা নিয়ে মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়েছে। এছাড়া সরকার বয়স সীমা ৪০ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। ফলে টিকাদান কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।
গত দুই দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। তাই সুশৃঙ্খলভাবে সকলকে টিকাদানের কার্যক্রম পরিচালনার জন্য চারটি বুথ বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য টিকাদান কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানো হবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এ.আর