ফরিদপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে কারাবন্দি রাখা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলার সাজা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের কোর্ট চত্বর থেকে কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতপাড়া প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে।

জেলা কৃষকদলের সভাপতি মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফারুক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন হক, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছেন। বিএনপি’র জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা থেকে মুক্ত করার দাবি জানান। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও প্রত্যাহারের দাবি জানান।

রাকিবুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর