ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিততে ভারতের সামনের লক্ষ্য ছিল ৪২০ রান। চতুর্থ দিনের শেষের দিকে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে হারায় ভারত।
আজ পঞ্চম দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৮১ রানের। কিন্তু ১৯২ রানেই অলআউট হয়ে গেছে ভারত। এরই ফলে ২২৭ রানের বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
পঞ্চম দিন ব্যাট করতে নেমে শুরুতেই চেতেশ্বর পূজারাকে হারায় ভারত। ব্যক্তিগত ১৫ রানে জ্যাক লিচের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শুভমান গিল ও বিরাট কোহলি।
বড় ইনিংসের আশা জাগিয়েও পারলেন না গিল। ব্যক্তিগত ৫০ রানে জেমস অ্যাান্ডারসনের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি। অ্যান্ডারসনের ওই ওভারেই বোল্ড হয়ে রানের খাতা না খুলে ফিরেন আজিঙ্কা রাহানে।
এক প্রান্তে কোহলি লড়াই করতে থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। মাত্র ১১ রান করে অ্যান্ডারসনের বলে রুটের হাতে তালুবন্দি হয়ে ফিরেন ঋষভ পান্ত। পান্ত ফেরার পর কোহলি বাদে বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। ৭২ রান করে স্টোকসের বলে বোল্ড হয়ে ফিরেন কোহলি।
অন্যদিকে প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকানো ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ৯, জাসপ্রিত বুমরাহ ৪ ও শাহবাজ নাদিম ০ রানে সাঝঘরে ফিরেন।
ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ ৪টি, জেমস অ্যান্ডারসন ৩টি, জোফরা আর্চার, ডম বেস ও বেন স্টোকস ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/এস.জি