খালেদা জিয়া বাসায় অবস্থান করলেও মুক্ত নন: ডা. শাহাদাত

অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে বেগম খালেদা জিয়াকে তিন বছর গৃহবন্দী করে রেখেছে ফ্যাসিষ্ট সরকার। তিনি বর্তমান বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে একটি বানোয়াট মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বেগম জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার অমানবিক ভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে তার জামিন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্থ করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে বেগম খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দি রাখার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রঘোষিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বেগম জিয়ার জামিন নিয়ে তামাশা শুরু করেছে। দেশের মানুষ আজ সরকারের জুলুম নির্যাতনে অতিষ্ঠ। যে কোনভাবেই এই সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মো: মিয়া ভোলা, এড. আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, আবদুল হালিম শাহ আলম, ইসকান্দার মির্জা, আহবায়ক কমিটির সদস্য শামসুল আলম, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারন সম্পাদক জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপি’র সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর