পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলার ঘটনার মামলা দায়ের
করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজয় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন আসামী করা হয়।
এনায়েত করিম বিজয় বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা দায়েরের ব্যাপারে বাসাইল থানার (ওসি) হারুনুর রশিদ বলেন, আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রæতই
তাদেরকে গ্রেফতার করা হবে। হামলার শিকার এনায়েত করিম বিজয় বলেন, আমি এ ঘটনায় জড়িত সকলকেই দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি করছি।
এদিকে এ হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউ এজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, ডিবিসি চ্যানেলের জেলা
প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার
হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে
আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে
আসছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর
উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাধা দেয়। দ্রুতই সেখানে দুটি পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত
দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে।
পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসান সিকদার/বার্তাবাজার/এসজে