মেহেরপুরে গোয়ালঘর ও হোমিওপ্যাথিক ঔষধের দোকান এবং বাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। সরকার নিষিদ্ধ সিগারেটের লক্ষ লক্ষ প্যাকেট ও প্রচার পত্রসহ সিগারেটের প্রচারের লক্ষ্যে জমা রাখা বিভিন্ন পুরস্কার সামগ্রী উদ্ধার করা হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে জাপান টোবাকো কোম্পানীর গুদাম ঘর এবং ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধির মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাডার একটি বাড়ি থেকে এসমস্ত প্রচারপত্র ও পুরস্কারের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
এর আগে সকালে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল জাপান টোব্যাকো কোম্পানির অফিসে তল্লাশি চালায়।
এসময় জাপান টোব্যাকো কোম্পানির অফিস এর একটি কক্ষ থেকে বেশকিছু প্রচারপত্র, জাপান টোব্যাকোর মূল অফিসের পিছনে একটি গোয়াল ঘর থেকে আরো কিছু প্রচার ও পুরস্কার সামগ্রী উদ্ধার করা হয়। এর পরপরই অভিযান চালানো হয়।
জাপান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি মেহেরপুর দিঘির পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজুর বাড়িসহ বাড়ির সামনের একটি হোমিও ওষুধের দোকানের ভেতর থেকে লক্ষ লক্ষ প্রচারপত্র এবং কাচের তৈরি বিভিন্ন ধরনের উপহার সামগ্রী উদ্ধার করা হয়।
এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাপান টোবাকোর ডিপো ইনচার্জ আতিয়ার রহমানের নিকট থেকে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১ এর ক ও গ ধারায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আতিয়ার রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাহাপুর গ্রামের তমজেল আলীর ছেলে।
উদ্ধারকৃত প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা এবং পুরস্কারগুলো মেহেরপুরের বিভিন্ন এতিমখানায় প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভিযান চলাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তমিজউদ্দীন, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম,সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস