কিশোরগঞ্জে সন্তানসহ স্ত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুছেলেসহ স্ত্রী হত্যার দায়ে নজরুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামি নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। আদালতের পেশকার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পাবদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে রহিমা খাতুনের (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নজরুল। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে পরিবারের চাপের মুখে তাকে বিয়ে করতে বাধ্য হন তিনি।

২০১৬ সালের ১৯ নভেম্বর রহিমার গর্ভে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ২০১৭ সালের ১৩ জানুয়ারি স্ত্রী রহিমা ও ছেলে আমিরুলকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল। এর পর থেকে সন্তানসহ নিখোঁজ হন রহিমা। পরে ২১ জানুয়ারি বিকেলে স্থানীয় আঙ্গিয়াদী বিলভরা বিল থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত রহিমার ভাই মো. আ. আউয়াল বাদী হয়ে নজরুলসহ চার জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জানুয়ারি নজরুল ইসলামকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার এসআই মো. সাহাব উদ্দিন। আদালত বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায় ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক রায় মামলাটি পরিচালনা করেন।

হুমায়ুন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর