প্রতিপক্ষকে ঘায়েল করতে তরবারি হাতে অবস্থান, হাতেনাতে যুবক ধরা

চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়ায় সফিকুল ইসলাম জনি (১৯) নামে এক যুবককে ধারালো তরবারিসহ আটক করেছে পুলিশ। এসময় তার অপর দুই সঙ্গী পালিয়ে যায়। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সফিকুল ইসলাম জনি ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার ১৩ নম্বর লাউর পতিফোর ইউনিয়নের আব্দুল বাতেনের পুত্র। বর্তমানে সে নগরীর ঈদগাঁহ বউ বাজারের কেতুরা মসজিদ সংলগ্ন হাবিব মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

অন্য পলাতকরা হলেন, নগরীর ঈদগাঁহ বউ বাজার এলাকার কেতুরা মসজিদের পাশে শসমা কলোনীর সেলিম সাহেবের ভাড়াটিয়া মো. দিদারের ছেলে মো. সাব্বির(১৯) ও একই এলাকার মৃত হোরেন মিয়ার ছেলে শিমুল (২০)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন বলেন, ‘ঝর্ণাপাড়া রাস্তার মাথায় এলাকায় প্রতিপক্ষের সাথে সংঘর্ষ বাঁধানোর জন্য অস্ত্র হাতে অবস্থান করছে, স্থানীয় পথচারীদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একজনকে একটি ধারালো অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়। এসময় অপর দুই সহযোগী পালিয়ে যায়।’

‘পরে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার অপর দুই সহযোগীর নাম পরিচয় জানা যায়।পলাতক আসামিদের ধরার ব্যাপারে অভিযান অব্যহত আছে।’—যোগ করেন ওসি মহসীন।

আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

রবিউল হোসেন রবি/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর