চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে চাপে রয়েছে ভারত। ফলো অন এড়াতে লড়াই করছে তারা। ৭৪ ওভারে ৬ উইকেটে ২৫৭ রানে তৃতীয় দিন শেষ করেছে ভারত।
ইংল্যান্ডের চেয়ে এখনো ৩২১ রানে পিছিয়ে আছে ভারত। ফলো অন এড়াতে চাইলে তাদের আরও ১২১ রান করতে হবে। ২ উইকেট হাতে রেখে প্রথম টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড।
আগের দিনের রানের সঙ্গে ২৩ রান যোগ করতেই গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে ৫৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র ৬ রান করে ফিরেন ওপেনার রোহিত শর্মা।
এদিন ইনিংস বড় করতে ব্যর্থ হন শুভমান গিল। ২৯ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হয়ে সাঝঘরে ফিরেন তিনি। ছুটি কাটিয়ে দলে ফেরা অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে ব্যর্থ হয়েছেন।
মাত্র ১১ রান করে কোহলি ও রাহানে ১ রান করে ফিরেন। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ঘূর্ণিতে কাবু করেন ডম বেস। কোহলি-রাহানে ফিরলে রিশাভ পান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন পূজারা।
বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন পান্ত। তবে ১৪৩ বলে ৭৩ রানে পূজারা বেসের তৃতীয় শিকার হয়ে ফিরলে পান্তের সঙ্গে ১৪৫ বলে ১১৯ রানের জুটিটি ভাঙে। পূজারার বিদায়ের পর দ্রুতগতিতেই রান তোলার চেষ্টা করেন পান্ত।
কিন্তু ৮৮ বলে ৯১ রান করে বেসের বলে মারতে গিয়ে জ্যাক লিচের হাতে ক্যাচ দিয়ে আউট হন পান্ত। এরপর শেষ বিকালে আর কোনো উইকেট পড়তে দেননি ওয়াশিংটন সুন্দর ও রবিনচন্দ্রন অশ্বিন। সুন্দর ৩৩ ও অশ্বিন ৮ রানে অপরাজিত আছেন।
বার্তাবাজার/এস.জি