যবিপ্রবির এক শিক্ষার্থীর চিকিৎসায় পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস(এআইএস)বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসিব আহম্মেদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব,সমিতি ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচ লাখ নয় হাজার টাকা আর্থিক সাহায়তা দেয়া হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন তার কার্যালয়ে তাসিব আহম্মেদের পিতা মিলনের হাতে এ আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।

যবিপ্রবির এআইএস ক্লাব, ম্যানেজমেন্ট ক্লাব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাফায়েত মেমোরিয়াল ফান্ড, ফার্মেসি বিভাগের ছাত্র কল্যাণ তহবিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবির চৌগাছা স্টুটেন্ড অ্যাসোসিয়েশন, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি তাসিবের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিয়েছে।

এছাড়া তাসিবের স্কুল, কলেজ এবং বিশেষ করে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা (যবিপ্রবি) ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা, যশোর শহর, খুলনা এলাকায় গিয়ে চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেছেন।

আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ডঃ মোঃ মেহেদী হাসান, এআইএস বিভাগের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ কামাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ নাজমুল হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডঃ মোঃ আলম হোসেন, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম, তরুন সেন, প্রভাষক মোঃ হোসাইন আলী উপস্থিত ছিলেন।

তাসিব আহম্মেদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য এখনো ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। তার দিনমজুর বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাসিবের পিতা। তাকে চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা—তরুন সেন, সহকারী অধ্যাপক, এআইএস বিভাগ, যবিপ্রবি, বিকাশ: ০১৭৩৬৮৮৮২৬৮; রকেট: ০১৭৩৬৮৮৮২৬৮৯।

লোকমান হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর