ফরিদপুরের মধুখালীতে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাক্ষণকান্দা বাজার এলাকা, সরকারী আইনউদ্দিন কলেজের সামনে ও বোয়ালিয়া এলাকায় এ তিনটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০), একই উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া খানম (২০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের তৌফিক আহমেদ (২৬)।
জানা যায়, বিকাল সাড়ে ৩ টার দিকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস ভানু বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে তানিয়া তার দুলাভাইয়ের সাথে একটি মোটরসাইকেলে মধুখালী বাজার থেকে বাড়ীতে যাওয়ার সময় সড়কে পড়ে গিয়ে মারা যান।
এছাড়া তৌফিক আহমেদ সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঢাকা রওনা দেয়। দুপুরে মধুখালীর বোয়ালিয়ায় পৌঁছালে তাকে একটি ট্রাক চাপা দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কিছু সময় পর তিনি মারা যান। তৌফিক রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে