ঢাকার সাভারে সরকারি প্রথম কর্মকর্তা হিসেবে কোভিড-১৯ এর ভ্যাক্সিন কোভিশিল্ড নিজের শরীরে গ্রহন করলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডা. সায়েমুল হুদা সহ মোট ৩৭ জন এই টিকা গ্রহন করেন।
এর আগে, এই কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের ভিতর দিয়ে এই করোনার টিকা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
মোট ৩৭ জনের শরীরে করোনার প্রথম ডোজ ভ্যাক্সিন প্রদান করা হয়। এক্ষেত্রে সরকারিভাবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা নিজের শরীরে কোভিশিল্ড এর প্রথম ডোজ গ্রহন করেন।
টিকা নেবার পর ডা. সায়েমুল হুদা গণমাধ্যমকে জানান, টিকা গ্রহনের পর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না তিনি। আর অন্যরা যারা টিকা নিয়েছেন তারাও সকলে সুস্থ রয়েছেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নুসরাত জাহান সাথী, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ভারতের জনগণ এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ‘উপহার’ হিসেবে পাঠানো কোভিড-১৯ ভ্যাক্সিন (কোভিশিল্ড) এর ৩ হাজার ভায়াল (৩০ হাজার মানুষকে প্রদান করা যাবে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট গত ৪ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/পি