ট্রাকের ধাক্কায় নিহত পাবনার ঈশ্বরদী ইপিজেডের কর্মকর্তা

পাবনা পাকশীতে ঈশ্বরদী ইপিজেডের এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল পশ্চিমপাড়া (ঠাকুরপাড়া) মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন (৩৫) ঈশ্বরদী ইপিজেডের এবা কোম্পানির কর্মকর্তা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুমন প্রতিদিনের ন্যায় ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে হেটে ওই মসজিদে যাচ্ছিলেন। ভোরে কুয়াশার মধ্যে ঘাতক একটি ড্রাম ট্রাক সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সুমনের শরীরের নিম্ন অংশ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত সুমনের পৈতৃক বাড়ি নাটোরের লালপুরে। তার বড় ভাই সাইফুলের বিবাহের সূত্র ধরে তারা এখন বাঘইল পশ্চিমপাড়ায় বসবাস করেন।

ঈশ্বরদী থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর