বিক্ষুব্ধ জনগণের থানা ঘেরাও, দু-পক্ষের সংঘর্ষে আহত ৫০

মাদারীপুরে কালকিনি পৌরসভা নির্বাচনী প্রচারণার সময় পুলিশের গাড়িতে তুলে নেয়ার ১৪ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। রবিবার ভোর ৪টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন তার পরিবার। সবুজ নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় থানা ঘেরাওসহ নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে।

ছবি- বার্তা বাজার

মেয়র প্রার্থীর স্বজন ও সমর্থকরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল দেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করেন সবুজের সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালান নৌকার সমর্থকরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দোকানপাট ভাংচুরসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের স্ত্রী ফোনে জানান, আমাদের অনেক লোক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নৌকার প্রার্থী এস.এম হানিফ ফোনে জানান, শুধু শুধু আমার নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা করেছে। আমার অনেক লোককে মেরে কুপিয়ে রক্তাক্ত করেছে। আনেকের অবস্থা আশংকাজনক।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোনো ক্ষতি হয়নি। তবে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এ বিষয়টি অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, এরআগে বৃহস্পতিবার এক উঠান বৈঠকের বক্তব্যে কালকিনি উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন সরদার হুমকি স্বরুপ বলেছিলেন, নৌকা মার্কার নির্বাচন করলে ভালোভাবে থাকতে পারবেন। আর নাহলে ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সোহেল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর