মানিকগঞ্জে একসাথে টিকা নিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন

মানিকগঞ্জে একসাথে টিকা নিলেন জেলা প্রশাসক এস. এম ফেরদৌস, পুলিশি সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।

রোববার(৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে জেলার নার্সিং কলেজ কেন্দ্রে একযোগে তিনজন টিকা গ্রহণ করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলায় কর্নেল মালেক মেডিক‌্যাল কলেজে ১টি, জেলা হাসপাতালে ১টি, পুলিশ হাসপাতালে ১টি এবং ৬টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে করোনা ভ্যাকসিনের কেন্দ্র একযোগে টিকার উদ্বোধন করা হয়। কর্নেল মালেক মেডিক‌্যাল কলেজে ৮টি, জেলা হাসপাতালে ৮টি, পুলিশ হাসপাতালে ১ এবং উপজেলাগুলোতে ৩টি করে মেডিক‌্যাল বুথে টিকা দেয়া হচ্ছে। জেলায় ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পাওয়া গেছে এবং সিংগাইর উপজেলায় ৭২ জন ও হরিরামপুর উপজেলায় ১২৮ জনসহ এপর্যন্ত জেলায় ১ হাজার ৮শ ২৭ জন অ‌্যাপসের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন।

টিকা গ্রহনের পর জেলা প্রশাসক এস. এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘ভ্যাকসিন গ্রহণের ১৫ মিনিটের মধ্যে আমার কোনো খারাপ লাগেনি। সুস্থ থাকতে হলে এ ভ্যাকসিন নেওয়া উচিত। যেসকল বিজ্ঞানীরা এ ভ্যাকসিন আবিষ্কার করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। করোনা প্রতিরোধে সকলকে এ ভ্যাকসিন নেওয়ার আহবান জানাচ্ছি।’

এছাড়া সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ ফারহানা কবির ও হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান নিজ উপজেলায় প্রথম টিকা গ্রহন করেন।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর