আগামী ১৩ ও ১৪ জুন সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক হবে না বলে ফের জানিয়েছে নয়াদিল্লি। তবে সম্মেলনের সাইড লাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিং-এর সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জঙ্গিবাদ দমনসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে সম্মেলনে যেতে মোদির বিমানের জন্য পাকিস্তান তাদের আকাশসীমা খুলে দিতে যাচ্ছে।
নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রতিবেশী দেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেন। সেখানে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতি প্রতিবেশীবান্ধব। যদিও পাশের দেশ পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি বার বার এড়িয়ে যাচ্ছে দেশটি। এদিকে চীনা গণমাধ্যমে উঠে এসেছে ইসলামাবাদ-নয়াদিল্লি সমঝোতার ব্যাপারে নয়াদিল্লির আগ্রহের কথা।
চীনে হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন সম্মেলনে যেতে মোদির বিমানের জন্য পাকিস্তান আকাশসীমা খুলে দিতে চলেছে। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর দেশটির জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। কিন্তু মোদি প্রশাসন জানিয়ে দিয়েছে সম্মেলনে ইমরান খানের সঙ্গে বৈঠকে বসছেন না ভারতীয় প্রধানমন্ত্রী।
এদিকে, সম্মেলনে যোগ দেয়ার আগে সচিবদের নিয়ে বৈঠক করেছেন মোদি। এছাড়া পশ্চিমবঙ্গের সহিংস পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে কথা হয়েছে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও।