আবুধাবি টি-টেন লিগের পর্দা নেমেছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নর্দার্ন ওয়ারিয়র্স।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ৮১ রান করে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী। দলের অধিনায়ক ডোয়াইন ব্রাভো রানের খাতা খুলতেই পারেননি।
এছাড়াও এভিন লুইস ১০ ও রহমানউল্লাহ গুরবাজ ১৩ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে মাহিশ থিকশানা ৩টি, জুনায়েদ সিদ্দিকী ও ধনাঞ্জয়া লাকশান ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ১টি করে উইকেট শিকার করেন রায়াদ এমরিট ও ফ্যাবিয়ান অ্যালেন।
৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিকোলাস পুরানের নর্দার্ন ওয়ারিয়র্স। দলের হয়ে পুরান ১২ ও ওয়াসিম মোহাম্মদ ২৭ রান করেন।
লেন্ডল সিমন্স ১৪ ও রোভম্যান পাওয়েল ১৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। দিল্লির হয়ে বল হাতে ফিডেল এডওয়ার্ডস ও সিরাজ আহমেদ ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/এস.জি