রোববার চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী উদ্বোধন

আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) নিজে টিকা গ্রহণের মাধ্যমে চট্টগ্রামে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, করোনার টিকাদান কর্মসূচীর উদ্বোধনী দিনে সর্বপ্রথম টিকা নিবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা টিকা নিবেন। যেখানে থাকবেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সহ প্রমুখ। দায়িত্বশীলদের টিকা গ্রহণের পর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ অগ্রাধিকার তালিকাভুক্তরাও টিকা গ্রহনের সুযোগ পাবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সব মিলিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ। বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে চট্টগ্রামের ১৪ উপজেলার জন্য।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরে ৬০ লাখ মানুষের বাস। আমাদের বরাদ্দ ১ লাখ ৫৪ হাজার। আগামীকাল চমেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেয়া শুরু হবে। ১০টি বুথে এ কার্যক্রম চলবে। এদিন জেনারেল হাসপাতালেও ছোট পরিসরে টিকা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে নেভি হাসপাতালসহ বাকি ছয়টি জোনে টিকা কার্যক্রম শুরু হবে।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চট্টগ্রাম নগরে প্রাথমিকভাবে ১৫টি কেন্দ্র চূড়ান্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের করোনা ভ্যাকসিন প্রদান কমিটি। এই ১৫ কেন্দ্রে করোনার টিকা দিতে নিয়োজিত থাকবে ৪২টি টিম। প্রতিটি টিমে থাকবেন ছয়জন করে সদস্য। এর মধ্যে দুজন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং চারজন থাকবেন স্বেচ্ছাসেবক।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর