ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সর্দার (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ওই ব্যক্তির স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে কালু ফকির গ্রুপের সাথে মোহাম্মদ সর্দার গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে শুক্রবার বিকালে মোহাম্মদ সর্দার তার বাড়ীর পাশে জমিতে কাজ করতে গেলে কালু ফকির, ইয়াসিন মিয়া সহ ৮-১০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মোহাম্মদ সর্দারের বাম ও ডান পা কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে প্রতিপক্ষ মো. ইয়াসিন মিয়ার সাথে মুঠোফোনে (০১৭৩৬৩৪৮৪১৮) বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান মিয়া জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে