জয়পুরহাটে বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষক

চলতি ইরি-বোরো মৌসুমে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে প্রচন্ড শীত উপেক্ষা করে বোরো চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছে খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা। কাকডাকা ভোর থেকে শুরু করে পড়ন্ত বিকাল পর্যন্ত চলছে জমিতে চারা রোপণের ধুম। আগাম জাতের আলু তোলার পরেই শুরু করেছেন বোরো ধানের চারা রোপণের কাজ।

এরআগে চারা রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করেছিলো কৃষরা। ডিপ ও শ্যালো মেশিনের মাধ্যমে উত্তোলিত পানি দিয়ে জমি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো, ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছিলো জয়পুরহাটের কৃষকরা। ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডার সঙ্গে রীতিমত যুদ্ধ করে এসব কাজ করছে তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানাগেছে, চলতি ২০২০-২০২১ রবি ফসল চাষ মৌসুমে ৬৯ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৬৫ হাজার ৬৭৫ হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ৩ হাজার ৭৫০ হেক্টর জমি। ইতোমধ্যে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো চারা রোপণ সম্পন্ন হয়েছে।

এবার জেলায় বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১ হাজার ১৫৩ মে.টন। জেলায় চাষ হওয়া উল্লেখযোগ্য বোরো ধানের জাতগুলোর মধ্যে রয়েছে বিআর- ১৬, ২৮, বিআর-২৯ ও ব্রি-ধান ৫০, ৫৮ ও ৫৯ জাত। কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো বীজ সরবরাহ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নিজস্ব বিক্রয় কেন্দ্রসহ জেলার ১১৪ জন ডিলারের মাধ্যম ২০৭ মেট্রিক টন বীজ বিক্রি করা হয়েছে। বোরো চাষ সফল করতে জেলার কৃষকরা ৩ হাজার ৪২৩ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।

কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বোরো চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি। জয়পুরহাটের কৃষকরা আলু তোলার সঙ্গে সঙ্গে জমি প্রস্তুত করেই বোরো চারা রোপনের কাজও শুরু করে থাকেন বলেও জানান তিনি।

জেলায় বোরো ধান চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ সারের চাহিদা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ইউরিয়া ১৮ হাজার ৭২০ মে. টন, টিএসপি ১৪ হাজার ৪শ মে. টন, এমওপি ৯ হাজার ৫৭৬ মে. টন, জিপসাম ৯ হাজার মে. টন ও জিংক সার ৭৯২ মে. টন।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর