মানব সেবার ব্রত নিয়ে সেই ১৯৭৭ সালের ৫ই ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করে ৪৫ তম বছরে পদার্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’।
স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান, রক্তের গ্রুপ নির্ণয়, টিকাদান কর্মসূচি, দুস্থ-অসহায়-গরীব রোগীদের বিনামূল্যে ঔষধ ও অপারেশন সরঞ্জাম সরবরাহ করে সারাদেশে ব্যাপক নাম কুড়িয়েছে সংগঠনটি। এমনকি পুরষ্কার স্বরূপ সংগঠনটির ঝুলিতে যোগ হয়েছে স্বাধীনতা পদকও।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের অফিসে।
এদিন শহরের বিভিন্ন স্থানে মোটিভেশন প্রোগ্রামের আয়োজনসহ বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন, হেপাটাইটিস-বি ও টাইফয়েড ভ্যাক্সিনেশন কর্মসূচী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে সংগঠনটির সদস্যরা।
সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ডা. ওমর ফয়সাল, ডা. মাহির শাহরিয়ার নবীন, ডা. আনিকা ইবনাত, ডা. হালিমা তাসনিম শেফা ও সন্ধানী’র অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে সংগঠনটির বিশেষ কিছু কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য—হাসপাতালের ডাক্তারদের জন্য হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ,পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ, গরীব-দুস্থদের নিকট ত্রাণসামগ্রী বিতরণ ও প্লাজমা ডোনার পুল তৈরি করা।
রবিউল হোসেন রবি/বার্তাবাজার/পি