কাতার থেকে প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা মিথ্যা নয় বলে দাবি করছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
সরকারের ওপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, যদি সরকার আল জাজিরার প্রতিবেদন মিথ্যা বলে প্রমাণ করতে পারে তাহলে তিনি স্বেচ্ছায় ফাঁসি কাষ্ঠে ঝুলবেন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে ছাত্র শিক্ষক জনতার ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন।
নুর বলেন, আলজাজিরার প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে গুরুত্ব সহকারে দেখা হলেও এই সরকার একে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। এই দেশের সংস্কার প্রয়োজন, আইন কানুনের সংস্কার প্রয়োজন। অন্যথায় দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
নূর আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভিন্নমত এবং বিরোধী দলের মানুষের ওপর দমনপীড়ন করার জন্য এই আইন ব্যবহার করা হচ্ছে। এই আইনের ধারায় যা লেখা রয়েছে, তার অপপ্রয়োগ করছে সরকার। সরকার বলছে, আইনের ধারায় মামলা হয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই এ কথাটি এখন বললে ভুল হবে। বরং বলতে হবে আইনের নৈতিক শাসন আমরা চাই।
বার্তাবাজার/এসজে