ফরিদপুরের মধুখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার (৫ফেব্রুয়ারি) উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া খেলার মাঠে ‘আয়শা-সামী ক্রিকেট টুর্নামেন্ট’ নামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামী ক্রীড়াচক্র এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৯ উইকেটে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এসময় মাশরাফি বিন মুর্তজা বলেন, ক্রিকেটের প্রতি তরুণদের এগিয়ে আসতে হবে। খেলাই পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে।
ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নির্ধারিত ২০ ওভারে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাব ছয়টি উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুই উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে।
খেলার আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ ও শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি ছাড়াও নগদ ৩০ হাজার ও রানার আপ দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম