মিয়ানমার থেকে পাচারকালে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে অটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সাবরাং বড়খাল এলাকা সংলগ্ন গভীর রাতে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশন জওয়ানরা নাফ নদীতে অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমার থেকে সাঁতার কেটে এক ব্যক্তি সীমান্ত অভিমুখে আসতে দেখে জওয়ারা ধাওয়া করে। ধাওয়ার মুখে লোকটি সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে চলে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১লাখ ৫ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কোস্টগার্ড কর্মকর্তা।
বার্তাবাজার/ই.এইচ.এম