নওগাঁর পত্নীতলায় তিনতলা একটি বাসা থেকে রোজি হাসান (৪৬) নামের এক গৃহবধূর অর্ধগলিত অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে পুলিশ ওই বাসার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ এক সপ্তাহ আগে মারা গেছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার নজিপুর পৌরসভার পুইয়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তার বাবার নাম খবির উদ্দিন বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, দম্পতি মেহেদী হাসান ও রোজি হাসান নজিপুর পৌর শহরের পুঁইয়া এলাকায় তিনতলাে একটি ফ্ল্যাটে বেশ কয়েকবছর ধরে বসবাস করে আসছিল । গত কয়েকদিন থেকে ওই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। পরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে আজ বাড়ির ভাড়াটিয়ারা পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এমন ঘটনার পর থেকে নিহত ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।
পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় পত্নীতলা থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তাবাজার/এসজে