বগুড়ায় করোনার টিকা বরাদ্দের তালিকা প্রকাশ

বগুড়ায় ১২টি উপজেলায় করোনার টিকা বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জেলায় সবেচেয়ে বেশি টিকা পাবে সদর উপজেলার বাসিন্দারা। এছাড়া সবচেয়ে কম টিকার বরাদ্দ দেয়া হয়েছে দুপচাঁচিয়ায় উপজেলায়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বগুড়ায় মোট ১০ হাজার ৮০০ ভায়াল পেয়েছে। যা দিয়ে ১ লাখ ৮ হাজার ডোজ টিকা প্রদান করা হবে। সদর উপজেলায় দেয়া হবে ১৭ হাজার ৬২৫টি ডোজ টিকা। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে- আদমদীঘিতে ৬ হাজার ১৯৮টি, ধুনটে ৯ হাজার ২৮৬টি, গাবতলীতে ১০ হাজার ১৪৯টি, কাহালুতে ৭ হাজার ৬২টি, নন্দীগ্রামে ৫ হাজার ৭৪২টি, সারিয়াকান্দিতে ৮ হাজার ৫৯৭টি, শাজাহানপুরে ৯ হাজার ২০৩টি, শেরপুরে ১০ হাজার ৫৬৯, শিবগঞ্জে ১২ হাজার ২৬টি, সোনাতলায় ৫ হাজার ৯৩১টি এবং সবচেয়ে কম দুপচাঁচিয়া উপজেলায় ৫ হাজার ৬১১টি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন তুহিন জানান, গত ২৯ জানুয়ারি জেলায় করোনার ১০ হাজার ৮০০ ভায়াল এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলার সকল উপজেলায় করোনার টিকাদান কর্মসূচী শুরু হবে। এতে উদ্দিষ্ট জনগোষ্ঠী এই টিকাদানের আওতায় থাকবে।

এদিকে জেলায় গেল বছরের ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৮৯৬জন আক্রান্ত এবং এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৮৬জন। এছাড়া করোনায় এখন পর্যন্ত ২৪৭জনের প্রাণহানি ঘটেছে।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর