মাদারীপুরে ছাগল চুরির অপরাধে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি (৩০) সহ ৫ জনকে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

অন্যান্য অভিযুক্তরা হলো- একই উপজেলার কুডি মাহবুব (২৮), রবিউল ইসলাম (১৯), জোবায়ের হাওলাদার (২০) ও রানা বেপারী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের ওই নেতা রাস্তার পাশ থেকে লোকমান মালত নামে এক ব্যক্তির ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। পথিমধ্যে শিবচর থেকে আসতে থাকা পুলিশের গাড়ি প্রাইভেটকারটিকে আটকে ফেলে। পরে তাদের গ্রেফতার করে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার ও ছাগলসহ থানায় নিয়ে আসে।

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সাথে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় আমরা ধাওয়া করতে থাকলে পথিমধ্যে পুলিশ এসে ধরে ফেলে। আমি এর বিচার চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর