ডামুড্যায় ভুয়া জাতিসংঘের প্রতিনিধি ও ডিএসবি পুলিশ পরিচয়দানকারী আটক

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় ভুয়া জাতিসংঘের প্রতিনিধি ও ডিএসবি পরিচয়দানকারী দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ডামুড্যা বাজার মিতালী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন ও নির্বাচনী ফ্রম উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামান্তষার ইউনিয়নের চরসামান্তষার গ্রামের শাহেবআলী ছৈয়ালের ছেলে আব্দুল ছালাম ছৈয়াল ভ্যান ছালাম (৪২) ও ইদিলপুর ইউনিয়নের মহশ্বরপট্টি গ্রামের নুরুল হক সিকদারের ছেলে সান মোহাম্মদ মামুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজ মিয়া।

আজ প্রার্থী ও তার সমর্থকদের কাছে ছালাম ডিএসবির এসআই ও মামুন জাতিসংঘের প্রতিনিধি পরিচয় দেয়। তাছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দেন। প্রার্থী ও তার সমর্থকদের সন্দেহ হলে আটকদের বিভিন্ন প্রশ্ন করেন। তাতে তারা হতভম্ব হয়ে পড়লে বিষয়টি ডামুড্যা থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ছালাম ও মামুনকে আটক করে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, ভুয়া ডিএসবি পুলিশ ও জাতিসংঘের প্রতিনিধি পরিচয়দানকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।

আসাদ গাজী/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর