ছাগল চুরি: গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

ছাগল চুরির অপরাধে গ্রেফতার হয়েছে মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

তুহিন দর্জির বাড়ি শহরের ইটেরপুল এলাকায়। তিনি জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে লোকমান মালত নামে এক ব্যক্তির ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এমন সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার ও তাড়া করলে একই সময় শিবচর থেকে পুলিশের গাড়ি আসতেছিল মাদারীপুর। এ সময় পুলিশের গাড়িটি ওই প্রাইভেটকারকে সামনে থেকে আটকে ফেলে গাড়ি হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে আটক করে পুলিশ। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তুহিন দর্জিকে থানা নিয়ে যায়।

ছাগলের মালিক লোকমান মালত জানান, আমার ছাগলকে ঘাস খাওয়ার জন্য রাস্তার পাশে বেধে রাখি। হঠাৎ করে একটি প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর