জাতীয় সংবাদ মাধ্যম বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুরে শিকলবন্দী ভারসাম্যহীন সাহিদা বেগমের পাশে দাঁড়ালো
উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন সাহিদা বেগমের বাড়িতে গিয়ে তার স্বামীর হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেন।
গত ২৯ জানুয়ারি বার্তা বাজারে শিকলবন্ধী একযুগ পার মানসিক ভারসাম্যহীন সাহিদার শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে ইউএনও মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাহিদা বেগমের বাড়িতে আসেন।
এ সময় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, কালকেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সাহিদা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠাবো। সেখানে ডাক্তার দেখানোর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী যাবতীয় চিকিৎসার ব্যয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বহন করা হবে।
মিলন মাহমুদ/বার্তাবাজার/এসজে