তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: “জেন, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় অর্থায়নে ও তত্বাবধানে, যৌথ আয়োজনে এক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচারণামূলক অনুষ্ঠিত সেমিনার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ শফিকুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।
এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক প্রচারণামূলক অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ এবং নিরাপদ, অর্থবহ ও টেকসই অভিবাসনের লক্ষে ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও রূপকল্প হিসেবে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করণ এবং বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে এ মন্ত্রণালয়ের অর্জন হিসেবে বিশ্বের ১৬৮টি দেশে ২০১৭ সালে ১০ লক্ষ এবং ২০১৮ সালে ৭ লক্ষ প্রবাসী কর্মী প্রেরণ করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এ পর্যান্ত ৩৫ হাজার প্রবাসী কর্মীকে ৪০০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এদিকে সারাদেশের দক্ষ জন শক্তি প্রবাসে প্রেরণের ক্ষেত্রে শেরপুর জেলা অনেক পিছিয়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী শেরপুর জেলায় মাত্র ১৮০৪ জন কর্মী প্রবাসে রয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, শেরপুর জেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য তার মন্ত্রণালয় কর্তৃক সব ধরনের কর্ম পরিকল্পনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া প্রতি উপজেলায় ১ হাজার করে দক্ষকর্মী প্রবাসে প্রেরণ করা যায় এক্ষেত্রে শেরপুর জেলায় কর্মী প্রেরণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এজন্য তিনি এ কার্যক্রমের প্রচারণা বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ মোখছেদুর রহমান, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান প্রমুখ।
সেমিনার শেষে তিনটি গ্রুপের সুপারিশ মালা কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন বিষয়ে সুপারিশমালায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক করণীয় বিষয় তুলে ধরা হয়। এসময় সুপারিশ মালা উপস্থাপন ও পাঠ করেন, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন ও সাবেক প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।